

Apr 8, 2026
| যাযাদি রিপোর্ট
তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তাধারা, জ্বালানি রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আজ বুধবার (০৭ এপ্রিল) থেকে রাজধানীস্থ সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুইদিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড-এর গ্র্যান্ড ফিনালে ২০২৬।
অলিম্পিয়াডের শুভ উদ্বোধনী করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বলেন, “বর্তমান পরিবেশ বাঁ জ্বালানি সংকট মোকাবিলার জন্য শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়। দেশের তরুণদের আবশ্যক বাস্তবসম্মত, প্রায়োগিক এবং বহুমাত্রিক জ্ঞান অর্জন করা, যাতে তারা দেশের জ্বালানি রূপান্তরে সক্রিয় ভূমিকা রাখতে পারে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধারণাপত্র উপস্থাপন করেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর প্রধান নির্বাহী জনাব হাসান মেহেদী। বক্তব্যে তিনি অলিম্পিয়াডের পটভূমি তুলে ধরেন এবং বাংলাদেশের জ্বালানি রূপান্তরে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
মেহেদী বলেন, “২০০৭–০৮ থেকে ২০২৪–২৫ অর্থবছর পর্যন্ত সময়ে বিপিডিবি-এর মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২,৬৭,৭৮৪ কোটি টাকা (প্রায় ২৬.৭৫ বিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ভর্তুকি হিসেবে দিয়েছে প্রায় ১,৭৭,৩৮৭ কোটি টাকা (প্রায় ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার), যাতে আংশিকভাবে এই পরিচালন ঘাটতি পুষিয়ে নেওয়া যায়।
সব মিলিয়ে, ভর্তুকি দেওয়ার পরও বিপিডিবি-এর প্রকৃত নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৯০,৩৯৭ কোটি টাকা (প্রায় ৭.৯৫ বিলিয়ন মার্কিন ডলার)।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংক এর চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার জনাব আশানুর রহমান, পাওয়ার সেলের উপ-পরিচালক জনাব সেলিম উল্লাহ খান, ডিরেক্ট রিনিউএবল এনার্জি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবু হেনা মোস্তফা কামাল ,ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার তানজিনা দিলশাদ, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি জনাব জাহিদুল আলম। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষাবিদরা নবায়নযোগ্য জ্বালানি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের পরিবেশবান্ধব ভবিষ্যত নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা আরও বলেন, শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তার মাধ্যমে দেশের জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব ড. কাজী মারুফুল ইসলাম। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, সবুজ জ্বালানি অলিম্পিয়াড শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং একটি প্ল্যাটফর্ম যেখানে তারা জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
২০২৫ সালে দেশে প্রথমবারের মতো ১৫০-এর বেশি কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে ৪,৯০০-এরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে সবুজ জ্বালানি অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। তৎকালীন সময়ে উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফুর্তভাবে এতে অংশ নেন।
পরিচ্ছন্ন ও সবুজ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বাংলাদেশের তরুণ, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয়বারের মতো সবুজ জ্বালানি অলিম্পিয়াড (জিও) ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এবারও প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। দেশের ১৪৭টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ এ বছর অংশ নিয়েছে। তিন ধাপের বাছাই পর্ব শেষে সেরা ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এর আয়োজন করেছে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি) এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে একশনএইড, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি),সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেড, ল-ইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, রি-গ্লোবাল, জেট-নেট বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ প্রায় ৩২ টি উন্নয়ন সংগঠন।
News Link: দুইদিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬-এর শুভ উদ্বোধন