top of page

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

Jul 27, 2026

| রায়হান আহমেদ

ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে নগরটিকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হল প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) ময়মনসিংহ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবেশকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মানববন্ধনে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সভাপতি সেলিমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকারকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের উদ্যোগ নিতে হবে। সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য জনসেবামূলক স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপন করলে একদিকে বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষায় কার্যকর অবদান রাখা সম্ভব হবে।


অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের অধীন বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, বিভিন্ন সরকারি ভবনের ছাদ, ব্রহ্মপুত্র নদের চর, নির্বাচিত জলাশয় ও অকৃষি খাস জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব স্থানে সৌরবিদ্যুৎ উৎপাদন করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে সিটি করপোরেশনের নতুন আয়ের উৎস তৈরি হতে পারে।


উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, দেশের বিদ্যমান নেট মিটারিং সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শুধু বিদ্যুতের ভোক্তা নয়, পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক হিসেবেও ভূমিকা রাখতে পারবে। এতে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


মানববন্ধন থেকে বক্তারা দ্রুত একটি সমন্বিত ‘সোলার সিটি’ কর্মপরিকল্পনা প্রণয়ন, ময়মনসিংহ সিটি করপোরেশনের আওতাধীন উপযোগী সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং ময়মনসিংহকে দেশের প্রথম দিকের পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


তাদের ভাষ্য, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের ভিত্তি।


News Link: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

bottom of page